হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৭:০৫ পিএম
হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের আমদানি-রপ্তানি বন্ধ

সূত্রঃ সংগৃহীত

জেলা প্রতিনিধি


দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে রোববার (৩০ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ভারতের ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের অন্য স্থলবন্দরগুলোর তুলনায় হিলিতে বাণিজ্যিক বৈষম্যের অভিযোগ তুলে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।


শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় রপ্তানিকারক সংগঠনের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডলের স্বাক্ষর করা একটি চিঠির মাধ্যমে বিষয়টি বাংলাদেশের বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে জানানো হয়।


বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মন্ডল জানান, ভারতীয় হিলি এক্সপোর্টার্স অ্যান্ড সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন তাদের চিঠি দিয়ে জানিয়েছে, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।


ভারতীয় ব্যবসায়ীদের দাবি, দেশটি থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের তুলনায় হিলিতে বৈষম্য করা হচ্ছে। এতে এ বন্দর দিয়ে রপ্তানির পরিমাণ কমে গেছে। এ সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।


এদিকে আকস্মিকভাবে আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্তে বাংলাদেশের ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, দ্রুত এ সমস্যার সমাধান করা না হলে আমদানিকারক, শ্রমিক ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।


হিলি স্থলবন্দরের আমদানিকারক রেজা আহমেদ বিপুল বলেন, বন্দরের ওপারে অনেক পচনশীল পণ্যবোঝাই ট্রাক রয়েছে। এসব পণ্য বাংলাদেশে প্রবেশ করতে না পারলে আমদানিকারকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন। পাশাপাশি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমের সঙ্গে যুক্ত শত শত শ্রমিকও আয়-রোজগার হারিয়ে ক্ষতিগ্রস্ত হবেন।


দীর্ঘ সময় বন্দর দিয়ে বাণিজ্য বন্ধ থাকলে এর প্রভাব স্থানীয় বাজারেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।



এমকে/বিএম২৪