কারা অধিদপ্তরের চার ডিআইজি প্রিজন্স বদলি
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
কারা অধিদপ্তরের চার উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স)কে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চার কর্মকর্তার বদলি ও পদায়নের তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কারা উপমহাপরিদর্শক মো. টিপু সুলতানকে কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। এর আগে তিনি গাজীপুরে ঢাকা বিভাগ-২-এর বিভাগীয় সদর দপ্তরে দায়িত্ব পালন করছিলেন।
কারা উপমহাপরিদর্শক মো. আলতাব হোসেনকে খুলনা বিভাগের বিভাগীয় সদর দপ্তর যশোরে পদায়ন করা হয়েছে। তিনি এতদিন কারা অধিদপ্তরে দায়িত্ব পালন করে আসছিলেন।
অন্যদিকে, মো. কামাল হোসেনকে রংপুরের বিভাগীয় সদর দপ্তর থেকে ঢাকা বিভাগ-২-এর গাজীপুরের বিভাগীয় সদর দপ্তরে বদলি করা হয়েছে।
এ ছাড়া মনির আহমেদকে খুলনা বিভাগের বিভাগীয় সদর দপ্তর যশোর থেকে রংপুর বিভাগের বিভাগীয় সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবমুক্তি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রজ্ঞাপনের অনুলিপি কারা মহাপরিদর্শক, জেলা প্রশাসক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
এমকে/বিএম২৪









