তিন জেলায় নতুন পুলিশ সুপার

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৮:৪৭ পিএম
তিন জেলায় নতুন পুলিশ সুপার

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


নারায়ণগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার।


রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।


প্রজ্ঞাপন অনুযায়ী, মাদারীপুরের বর্তমান পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।


এ ছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার ফজলে এলাহীকে মাদারীপুরের পুলিশ সুপার এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. তালেবুর রহমানকে পিরোজপুর জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।



এমকে/বিএম২৪