চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারীসহ গ্রেপ্তার ৮

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৯:১৬ পিএম
চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারীসহ গ্রেপ্তার ৮

সূত্রঃ সংগৃহীত

মো. মিজানুর রহমান সুমন, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে চার নারী ও চার পুরুষসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।


শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজারের ‘মিয়ামী’ ও ‘স্কাইভিউ’ আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।


জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনা এবং ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সার্বিক তত্ত্বাবধানে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। চৌমুহনী বাজারের ওই দুটি হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড চলছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল। অভিযানের সময় হোটেল দুটির বিভিন্ন কক্ষ থেকে আটজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত পুরুষেরা হলেন— সোনাইমুড়ী উপজেলার পূর্ব মির্জানগর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. সোহাগ (৪০), নজরপুর গ্রামের আবুল কালামের ছেলে ইকবাল হোসেন (৪২), দৌলতপুর গ্রামের ইসমাইলের ছেলে জুনায়েদ (২৭) এবং হাতিয়া উপজেলার জাহাজমারা গ্রামের মিলন উদ্দিনের ছেলে মো. মুন্না (২৩)। গ্রেপ্তারকৃত নারীদের পরিচয় আইনগত প্রক্রিয়ার স্বার্থে গোপন রাখা হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর রোববার (৩০ আগস্ট) দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।


তিনি আরও জানান, এলাকার সামাজিক পরিবেশ রক্ষা এবং অপরাধ দমনে আবাসিক হোটেলগুলোতে এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।



এমকে/বিএম২৪