‘জুলাই সনদ চাইবেন, বাস্তবায়নে সহযোগিতা করবেন না—দুইটা বিপরীতমুখী’

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৮:৪৯ পিএম
‘জুলাই সনদ চাইবেন, বাস্তবায়নে সহযোগিতা করবেন না—দুইটা বিপরীতমুখী’

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধান সংশোধন কমিটি গঠন নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে বিভিন্ন দাবি জানানো হলেও সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় সহযোগিতা না করা পরস্পরবিরোধী অবস্থান। তাঁর ভাষায়, ‘এখন আপনারা সবই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে চাইবেন, অথচ সনদ বাস্তবায়নের জন্য সহযোগিতায় আসবেন না। দুইটা বিপরীতমুখী হয়ে যায়।’


এর আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদীয় কমিটি পুনর্গঠনের বিষয়ে জানান, বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সঙ্গে ফোনালাপের ভিত্তিতে তিনি আশা করেছিলেন, বিরোধী দল সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে। এ কারণে রোববার কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল। পরে বিরোধী দলের উপনেতা কমিটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানান।


এরপর বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, স্পিকার নির্বাচনের আগে এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতাদের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছিল। তখন বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তারা তা গ্রহণ করেনি বলে দাবি করেন তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের আগে থেকেই সরকার তাদের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছিল। এ জন্য সংবিধান সংশোধনের বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি সদস্যপদ রাখা হয়েছে।


তিনি জানান, সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদেরও কমিটিতে রাখা হয়েছে। ইতোমধ্যে তাঁর সভাপতিত্বে কমিটির একটি বৈঠক হয়েছে।


কমিটি সংবিধান বিশেষজ্ঞ, সাবেক ও বর্তমান বিচারপতি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, সম্পাদক ও সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের মতামত নেবে বলে জানান তিনি।


সালাহউদ্দিন আহমদ বলেন, এসব মতামতের ভিত্তিতে কমিটি একটি প্রতিবেদন তৈরি করবে। পরে আইন মন্ত্রণালয় ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সংবিধান সংশোধনের বিল সংসদে উপস্থাপন করা হবে।


বিরোধী দলকে কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের মতামত ও ভিন্নমতও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে। বিভিন্ন প্রস্তাব নিয়ে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য বিষয়গুলো সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় যুক্ত করার সুযোগ থাকবে।


স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জুলাই জাতীয় সনদে সংসদীয় কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছিল। তবে এ ব্যবস্থা কার্যকর করতে আগে সংবিধান সংশোধন প্রয়োজন।


তিনি বলেন, সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নেওয়ার অবস্থান সহযোগিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিরোধী দলকে কমিটিতে যোগ দিয়ে তাদের বক্তব্য তুলে ধরার আহ্বান জানান তিনি।


সবশেষে তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সবকিছু চাইবেন, অথচ সনদ বাস্তবায়নে সহযোগিতা করবেন না—দুইটা বিপরীতমুখী হয়ে যায়।’



এমকে/বিএম২৪