মক্কা চুক্তির পর প্রথম বৈঠকে তুরস্ক-সৌদি-পাকিস্তান

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৮:৪৩ পিএম
মক্কা চুক্তির পর প্রথম বৈঠকে তুরস্ক-সৌদি-পাকিস্তান

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র আওতায় প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার তুরস্কের ইস্তাম্বুলে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানরা বৈঠকে অংশ নেবেন।


তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আগস্টে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় গঠিত কমিটির প্রথম বৈঠক হবে এটি। এতে তিন দেশের শীর্ষ কর্মকর্তারা অংশ নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।


গত ৭ আগস্ট ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরের মাধ্যমে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতার নতুন কাঠামোয় যুক্ত হয়। যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলাই এই চুক্তির অন্যতম প্রধান লক্ষ্য।


চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এই ধারা ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা নীতির সঙ্গে অনেকটা সামঞ্জস্যপূর্ণ।


ইস্তাম্বুলের বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি জোটের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো, সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার এবং প্রতিরক্ষা শিল্পে যৌথ উৎপাদন ও প্রযুক্তি উন্নয়নের মতো বিষয় নিয়ে আলোচনা হতে পারে।


ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এবং আঞ্চলিক অস্থিতিশীলতা নিয়েও তিন দেশের উদ্বেগ রয়েছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে দেশগুলো সতর্ক অবস্থানে রয়েছে।


তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে এই প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত হতে পারে। মিসরকে সম্ভাব্য অংশীদার হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, এই চুক্তি বিদ্যমান কোনো সামরিক জোটের বিকল্প হিসেবে গঠিত হয়নি।


সূত্র: রয়টার্স, এএফপি


এমকে/বিএম২৪