শর্তসাপেক্ষে সংসদীয় কমিটির সভাপতি পদ নিতে নারাজ বিরোধী দল
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ বণ্টন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সংবিধান সংশোধন কমিটিতে অংশগ্রহণ নিয়ে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।
বিরোধী দলের দাবি, সংসদে তাদের সদস্যসংখ্যার অনুপাতে ২৬ শতাংশ স্থায়ী কমিটির সভাপতি পদ তাদের প্রাপ্য। তবে সরকারি দলের চিফ হুইপ জানিয়েছেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জন্য গঠিত সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ নিলে তাদের আনুপাতিক হারে কমিটির সভাপতি পদ দেওয়া হবে।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদে স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠন নিয়ে আলোচনার সময় এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন দুই পক্ষের নেতারা।
বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, সদস্যসংখ্যার অনুপাতে বিরোধী দল সংসদীয় স্থায়ী কমিটিতে ২৬ শতাংশ সদস্য পদ পাচ্ছে। একই অনুপাতে কমিটির সভাপতির পদও বিরোধী দল থেকে পাওয়ার প্রত্যাশা ছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে করা হয়নি।
চিফ হুইপের সঙ্গে ফোনালাপের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিলে সভাপতি পদ দেওয়া হবে—এমন কোনো সমঝোতা বিরোধী দলের সঙ্গে হয়নি। বরং বিরোধী দলের নীতিগত সিদ্ধান্ত হলো, তারা ওই কমিটিতে অংশ নেবে না। একটি কমিটিতে অংশগ্রহণের শর্তে অন্য কোনো পদ দেওয়ার বিষয়টি তারা সমর্থন করেন না।
তাহের আরও বলেন, অতীতের সংসদীয় রাজনীতিতে সংঘাত ও বিশৃঙ্খলার অনেক ঘটনা ঘটেছে। সেই তিক্ত ইতিহাসে ফিরে যেতে চান না তারা। বৈষম্যবিরোধী এই সংসদে বিরোধী দলের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।
এর আগে চিফ হুইপ বলেন, বিরোধীদলীয় উপনেতার সঙ্গে ফোনালাপের ভিত্তিতে তিনি আশা করেছিলেন, বিরোধী দল সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে। সেই বোঝাপড়ার কারণেই রোববারের কমিটি পুনর্গঠন প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।
তিনি বলেন, গত ৫৪-৫৫ বছরে পাবলিক অ্যাকাউন্টস কমিটি ছাড়া বিরোধী দল থেকে অন্য কোনো স্থায়ী কমিটির সভাপতি করার প্রচলন ছিল না। তারপরও এবার আনুপাতিক হারে বিরোধী দলকে ১০টি কমিটির সভাপতি পদ দিতে সরকারি দল রাজি।
চিফ হুইপের ভাষ্য, সংবিধান সংশোধনের মাধ্যমে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রক্রিয়ায় বিরোধী দল অংশ নিলে তাদের সভাপতি পদ দেওয়ার বিষয়ে সম্মতি রয়েছে। দেশ গঠনের কাজে পারস্পরিক খোলামেলা আলোচনা ও সহযোগিতার ওপর গুরুত্ব দেন তিনি।
এমকে/বিএম২৪









