গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে স্পিকারকে স্মারকলিপি দিলো ১১ দলীয় ঐক্য

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৮:২২ পিএম
গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে স্পিকারকে স্মারকলিপি দিলো ১১ দলীয় ঐক্য

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।


রোববার (৩০ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে গিয়ে জোটের নেতারা স্মারকলিপি দেন।


পদযাত্রা শেষে সংসদ ভবনের সামনে আয়োজিত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, গুমের শিকার সংগ্রামী জনতা, জুলাই যোদ্ধা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন করা হচ্ছে।


তিনি অভিযোগ করেন, গুমবিরোধী যে অর্ডিন্যান্স বাতিল করা হয়েছে, তা পুনর্বহাল করতে হবে। গুমের ঘটনার তদন্তের দায়িত্ব পুলিশের হাতে দেওয়া যাবে না। যারা গুমের সঙ্গে জড়িত, তাদের হাতে এসব ঘটনার তদন্তের দায়িত্ব থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।


বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জনগণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, দেশে আর গুম-খুনের কোনো আস্তানা চলতে দেওয়া হবে না। জুলাই সনদে মানবাধিকার রক্ষা ও গুম প্রতিরোধে একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার নোট অব ডিসেন্ট দিয়ে সেখানে নামমাত্র একটি কমিটি করতে চায় বলে অভিযোগ করেন তিনি।


স্পিকারকে স্মারকলিপি দেওয়ার পর আন্তর্জাতিক গুম প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক ব্রিগেডিয়ার (অব.) হাসিনুর রহমান বলেন, তারা অনেক প্রত্যাশা নিয়ে স্পিকারের কাছে গিয়েছিলেন। স্মারকলিপিতে উত্থাপিত সব বিষয় স্পিকারকে জানানো হয়েছে। তিনি তাদের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেননি এবং বিষয়গুলো নিয়ে সর্বাত্মক চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেছেন।


হাসিনুর রহমান আরও বলেন, বর্তমান আইনের মাধ্যমে কোনো ব্যক্তিকে গুম করা হয়েছে—এমন বিষয়ও যথাযথভাবে প্রমাণ করা কঠিন। তারা এ ধরনের আইন চান না। একই সঙ্গে আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চসহ সব কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।


সমাবেশে সংহতি প্রকাশ করেন শহীদ জাবের ইবরাহিমের মা রোকেয়া বেগম এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপিসহ আরও কয়েকজন সংসদ সদস্য।


পদযাত্রার আগে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, ব্রিগেডিয়ার (অব.) হাসিনুর রহমান, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান, সাবেক কূটনীতিক সাকিব আলী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম।


এ সময় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসাইন মিয়াজী, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা. ফখরুদ্দিন মানিক ও ব্যারিস্টার শাহরিয়ার কবিরসহ অনেকে উপস্থিত ছিলেন।



এমকে/বিএম২৪