ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও-১ আসনের (সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা) উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্যের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। রোববার (৩০ আগস্ট) ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এক সমাবেশে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান পদ্ধতি হলো নির্বাচন। জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল হিসেবে দেশের সব নির্বাচনে অংশগ্রহণ করে থাকে। আমরা আশা করি, জনগণ যদি পছন্দ অনুযায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্যের প্রার্থী বিজয়ী হবে ইনশাআল্লাহ।
জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, জনগণ বিগত নির্বাচনে উৎসাহের সঙ্গে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিল। জনপ্রত্যাশা ছিল জামায়াত নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। কিন্তু মানুষ মনে করে, নির্বাচন দৃশ্যত সুষ্ঠু হলেও ফলাফল জালিয়াতির মাধ্যমে জামায়াতের বিজয়কে ঠেকিয়ে দেয়া হয়েছে। এ সময় সব পর্যায়ের দায়িত্বশীলদের (পুরুষ ও মহিলা) সব বাঁধা, প্রলোভন, উসকানি মোকাবিলায় সাহস, ধৈর্য এবং প্রজ্ঞার সঙ্গে অনুষ্ঠিতব্য নির্বাচনে অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালন করার আহ্বান জানান তিনি।
সমাবেশে মাওলানা আবদুল হালিম জানান, জুলাই জাতীয় সনদ কার্যকর এবং গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্য ঘোষিত ঢাকা-টু-রংপুর লংমার্চ কর্মসূচি পালিত হবে। এ সময় কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অঞ্চল টিম সদস্য ও ঠাকুরগাঁও জেলার সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুর জেলার সাবেক আমির আনোয়ারুল ইসলাম ও পঞ্চগড় জেলা আমির ইকবাল হোসেন প্রমুখ।
ঠাকুরগাঁও জেলা সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরের পরিচালনায় আয়োজিত ওই অনুষ্ঠানে জেলা কর্মপরিষদ ও ইসলামী ছাত্রশিবিরসহ সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা, পৌরসভা, ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। শিগগিরই এ আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি।
এমকে/বিএম২৪









