স্থায়ী কমিটিতে দায়িত্ব পাওয়ায় এমপি আব্দুল আজিজকে সংবর্ধনা, শাকিলের ওপর হামলার নিন্দা
সংগৃহীত
মোঃ আব্দুর রউফ, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
সংসদীয় স্থায়ী কমিটিতে নতুন দায়িত্ব পাওয়ায় নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজকে সংবর্ধনা দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। অনুষ্ঠানে গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাকিল আহমেদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় নাটোরের গুরুদাসপুর উপজেলার চরকাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ নম্বর ধারাবারিষা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী চিকিৎসক আব্দুর রউফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ। এ সময় ৫ নম্বর ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহীন কাওছারের পরিবারের সদস্যরা তাঁকে বরণ করে নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান হেনা, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহীন কাওছার, সমাজসেবক সাইদুর রহমান ও ব্যবসায়ী জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ জুলাইয়ের আন্দোলনে শহীদ আবু সাঈদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে আন্দোলনে আহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করেন তিনি।
গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাকিল আহমেদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আহত শাকিলের দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চান।
বক্তব্যের শেষ পর্যায়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে ভোট দিয়ে সমর্থন জানানোর আহ্বান জানান সংসদ সদস্য আব্দুল আজিজ।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪








