পাবনায় ডিবির পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪
সংগৃহীত
স্টাফ রিপোর্ট
পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে চারটি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার, ১২ রাউন্ড গুলি ও কার্তুজ এবং অস্ত্র বিক্রির ৩০ হাজার টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর এবং বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে আমিনপুর ও সুজানগর থানা এলাকায় অভিযান দুটি চালানো হয়।
ডিবি পুলিশ জানায়, চরঘোষপুরে অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান, আট চেম্বারবিশিষ্ট .২২ বোরের একটি বিদেশি রিভলবার, ১০ রাউন্ড গুলি ও অস্ত্র বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় আলাল শেখ (৫২) ও জনি কাজী (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর এবং সুজানগর থানার নাজিরগঞ্জ বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও দুটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় জলিল মণ্ডল (২৮) ও বাবলু মণ্ডল (২৬) নামে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ও ১৯-এ ধারায় মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আগেও অস্ত্র মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পলাতক ব্যক্তিকে গ্রেপ্তার এবং আরও আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এমকে/বিএম২৪








