রিয়াদ ও মদিনায় চারটি ড্রোন ভূপাতিত করল সৌদি আরব
সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের রিয়াদ ও মদিনা অঞ্চলে চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। ড্রোনগুলো ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বলে জানিয়েছে জোটটি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান। তিনি বলেন, রিয়াদ ও মদিনা অঞ্চলে ড্রোনগুলো শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। ওই মাসে ইয়েমেনের রাজধানী সানায় একটি উড়োজাহাজ অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। উড়োজাহাজটিতে ইরান থেকে হুথি নেতারা ফিরছিলেন বলে জানা যায়। এ ঘটনার পর সৌদি আরবে হামলা শুরু করে হুথিরা। তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির বিমানবন্দর ও তেল পরিশোধনাগার।
অন্যদিকে, হুথিদের রাজধানী সানা থেকে সরিয়ে দিতে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে নতুন অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
এদিকে, সৌদি আরব অভিযোগ করেছে, হুথিরা মক্কা ও মদিনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে হুথিরা। তাদের দাবি, পবিত্র দুই শহরে হামলার অভিযোগ ‘ঘৃণ্য মিথ্যাচার’।
হামলা ও পাল্টা হামলার মধ্যে হুথিরা সৌদি আরবের আকাশসীমা নিয়ে হুমকি দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে বুধবার দাম্মাম বিমানবন্দরে হামলায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্র: আলজাজিরা
এমকে/বিএম২৪








