শঙ্কা ছাড়াই উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হয়েছে: তথ্যমন্ত্রী
ছবি: বিডি মেইল
মো. সুলাইমান, ভোলা জেলা প্রতিনিধি
পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করায় কোনো ধরনের শঙ্কা ছাড়াই আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পেরেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
বুধবার (২১ অক্টোবর) রাতে নিজের নির্বাচনী এলাকা ভোলা-১ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভোলায় এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়।
তথ্যমন্ত্রী বলেন, দেশজুড়ে পর্যাপ্ত ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করায় সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পেরেছেন। এ সময় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
পার্থ বলেন, ‘এভাবেই আমাদের দেশে হিন্দু-মুসলিম ভাই ভাই হিসেবে একসঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে—আমি সেই প্রত্যাশাই করি।’
শেকড়ের টানে আবেগাপ্লুত মন্ত্রী
নিজের জন্মস্থান ও শেকড়ের স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, ‘আমি যতবারই আমার নিজ নির্বাচনী এলাকা ভোলায় আসি, ততবারই বলি—আমি মঞ্জু মিয়ার ছেলে। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আর এই পরিচয় দিতেই আমি সবচেয়ে বেশি গর্ববোধ করি।’
হিন্দু-মুসলিম নির্বিশেষে ভোলার সর্বস্তরের মানুষ তাঁকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করায় তাঁদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
সাইবার নিরাপত্তা আইন সংশোধনের উদ্যোগ
পূজামণ্ডপ পরিদর্শনের সময় সাইবার সিকিউরিটি আইনসহ অন্যান্য নিবর্তনমূলক আইন সংশোধনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী। তিনি জানান, এসব আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে।
তিনি বলেন, টেলিভিশন চ্যানেল ও পত্রিকার মালিকদের সঙ্গে আলোচনা করে এমন একটি ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে, যাতে গণমাধ্যম, সরকার ও সাধারণ মানুষ যথাযথ সুরক্ষা পায়। এ বিষয়ে সামনে ভালো কিছু আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
গভীর রাত পর্যন্ত পূজামণ্ডপ পরিদর্শন
বুধবার রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত ভোলা সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তথ্যমন্ত্রী। এর মধ্যে ছিল বিকাশ মজুমদার বাড়ির পূজামণ্ডপ, অনুজকাহালী লেন, শতদল বিকাশ ক্লাবসংলগ্ন পূজামণ্ডপ, মিহিরলাল সাহার বাড়ি, লক্ষ্মীগোবিন্দ মন্দির, বাপ্পা মহাজনের পোল, বাপ্তা শক্তি সংঘ, সার্কুলার রোড এবং কেন্দ্রীয় মদনমোহন মন্দির।
পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে কেন্দ্রীয় মদনমোহন মন্দিরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ সময় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম, জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক মোড় নুরনবী, ভোলা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বাংলাদেশ ছাত্রসমাজের ভোলা জেলা আহ্বায়ক মানষ ঘোষ শান্ত, সদস্য সচিব মো. হোসেন, মদনমোহন মন্দিরের সভাপতি দুলাল বণিক ও সম্পাদক বিপ্লব কুমার পালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুই দিনের সরকারি সফরে বুধবার দুপুরে লঞ্চযোগে ঢাকা থেকে নিজ জেলা ভোলায় পৌঁছান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।








