নিষিদ্ধ আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত দল’ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: রিজভী
ছবি: বিডি মেইল
নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত দল’ যৌথভাবে ষড়যন্ত্র ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ আগে অপপ্রচারে লিপ্ত ছিল। এখন তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে। দুই পক্ষের আচরণ ও কথাবার্তায় মিল রয়েছে। তাদের মধ্যে একধরনের সম্পর্ক থাকার প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অতীতে বিএনপিকে জঙ্গি রাজনৈতিক দল হিসেবে প্রচার করা হতো। একই সঙ্গে বিএনপি ক্ষমতায় থাকলে অন্য ধর্মাবলম্বীরা নিরাপদ থাকবেন না—এমন অপপ্রচারও চালানো হয়েছিল।
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, সরকার সতর্ক থাকলে ষড়যন্ত্রকারীরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না। বিএনপির নেতাকর্মীরা দিনরাত কাজ করে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করেছেন বলেও দাবি করেন তিনি।
রিজভীর ভাষ্য, গত ১৭-১৮ বছরের মধ্যে এবার সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হয়েছে। প্রতিবেশী দেশ থেকে আসা দর্শনার্থীরাও পূজার পরিবেশের প্রশংসা করেছেন বলে উল্লেখ করেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ তুলে ধরে রিজভী বলেন, সরকার ও বিএনপির পক্ষ থেকে সমন্বিতভাবে ডেঙ্গু প্রতিরোধে কাজ করা হচ্ছে। খ্যাতনামা চিকিৎসকদের পরামর্শে তৈরি সচেতনতামূলক লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। এতে ডেঙ্গু প্রতিরোধের উপায় এবং আক্রান্ত হলে করণীয় সম্পর্কে নির্দেশনা রয়েছে।
তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি হাসপাতালে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত স্যালাইনের সরবরাহ নিশ্চিত করা এবং দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
সরকারের অর্থনৈতিক উদ্যোগের প্রসঙ্গে রিজভী বলেন, সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। অর্থনীতিবিদদের বরাত দিয়ে তিনি দাবি করেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের ফলে চলতি বছরেই দেশে দারিদ্র্যের হার আরও ৫ শতাংশ কমবে। এটিকে তিনি তারেক রহমানের সরকারের বড় অর্জন হিসেবে উল্লেখ করেন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক বাবুল ও স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ দলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।








