দুর্গার সাজে রুমিন ফারহানা
সংগৃহীত
ডেস্ক রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দুর্গার সাজে ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করার পাশাপাশি ধর্ম, নৈতিকতা ও সামাজিক অসংগতি নিয়ে ২২টি বচন তুলে ধরেছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেওয়া ওই পোস্টে রুমিন ফারহানা সমাজে প্রচলিত নানা অন্যায়, অনিয়ম ও অপরাধের প্রসঙ্গ তুলে ধরেন। ঘুষ, ধর্ষণ, শিশু নির্যাতন, খুন, নারীর প্রতি সহিংসতা, প্রতারণা, দুর্নীতি, খাদ্যে ভেজাল এবং অন্যের সম্পদ আত্মসাতের মতো বিষয় উল্লেখ করে তিনি লেখেন, এসব অপরাধে ধর্ম যায় না।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করা, ধর্মকে ঢাল বানিয়ে পাপাচারে লিপ্ত হওয়া, দুর্বলের ওপর অত্যাচার এবং অন্যের অধিকার থেকে বঞ্চিত করার মতো কাজও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী।
রুমিন ফারহানার ২২টি বচনের শেষ দিকে বলা হয়েছে, ‘দুষ্টের লালন পালনে ধর্ম মজবুত হয়।’ এরপর তিনি লেখেন, ‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।’
পোস্টের শেষে একটি ব্যাখ্যামূলক মন্তব্যও যুক্ত করেন তিনি। সেখানে রুমিন ফারহানা লেখেন, ‘মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।’
নিজের ফেসবুক পেজে প্রকাশিত এই ছবি ও বক্তব্যে ধর্মীয় সহনশীলতা, সামাজিক অনাচার এবং মানুষের নৈতিক আচরণ নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন এই সংসদ সদস্য।
এমকে/বিএম২৪









