আমতলীতে ইমরান পরিবহনের বাস খাদে, আহত ২৫
সংগৃহীত
আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বরিশাল–কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার বান্দ্রা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে আমতলী ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর আহত চার থেকে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে বুধবার রাতে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসে ইমরান পরিবহনের বাসটি। বৃহস্পতিবার সকালে বাসটি আমতলীর বান্দ্রা বাজার এলাকায় পৌঁছানোর আগের একটি স্টপেজে চালক নেমে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপর বাসটি চালাচ্ছিলেন হেলপার।
একপর্যায়ে মহাসড়কের একটি বাঁক ঘুরতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসটির বিভিন্ন অংশ দুমড়েমুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় তাঁরা বাসের ভেতরে আটকে পড়া ও আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে তাঁদের অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনে আমতলী ও কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গুরুতর আহত কয়েকজনকে পরে বরিশালে স্থানান্তর করা হয়।
আমতলী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মাহবুবুর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। প্রাথমিকভাবে জানা গেছে, চালক নেমে যাওয়ার পর হেলপার বাসটি চালাচ্ছিলেন। সড়কের বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। বাসটির চালক ও হেলপার ঘটনাস্থলে না থাকায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এমকে/বিএম২৪








