কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পিএম
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩

সংগৃহীত

মোঃ শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণ এবং ওষুধ সেবন করিয়ে গর্ভপাত ঘটানোর অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। অপর অভিযুক্ত পলাতক রয়েছেন।


আটক ব্যক্তিরা হলেন কালীগঞ্জের মোক্তারপুর এলাকার আহাদ, শামীম ও নজরুল ইসলাম। অপর অভিযুক্ত শফিকুলকে আটকের চেষ্টা করছে পুলিশ।


পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, প্রায় পাঁচ মাস আগে প্রতিবেশী আহাদ শিশুটিকে ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তী সময়ে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে অন্য তিন অভিযুক্তও বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে শিশুটিকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।


একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানার পর প্রধান অভিযুক্ত আহাদ গর্ভপাত ঘটানোর উদ্দেশ্যে শিশুটিকে ওষুধ সেবন করান বলে অভিযোগ রয়েছে। গত ২১ অক্টোবর ভোরে শিশুটির গর্ভপাত ঘটে এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।


পরে পরিবারের সদস্যরা শিশুটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে আহাদ, শামীম ও নজরুল ইসলামকে আটক করেন।


কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় ২২(১০)২৬ নম্বর মামলা দায়ের করা হয়েছে। তিন অভিযুক্তকে আটক করা হয়েছে এবং অপর অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। বৃহস্পতিবার দুপুরে আটক ব্যক্তিদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।


এমকে/বিএম২৪