সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১০:১৭ পিএম
সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি

সূত্রঃ সংগৃহীত

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:



রাজশাহীর মতিহার থানার বিনোদপুর আমজাদের মোড় এলাকায় সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থী মো. জিহাদ (২২) রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি বগুড়া সদর উপজেলার পাটিতপাড়া এলাকায়। বর্তমানে তিনি বিনোদপুর আমজাদের মোড় এলাকায় জালাল উদ্দিনের একটি মেসে থাকেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার আমজাদের মোড় এলাকায় কয়েকজন বহিরাগত যুবক জিহাদকে সাইকেল চুরির সন্দেহে তুলে নিয়ে যান। পরে তাকে মারধর করা হয়। এতে তিনি আহত হন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় জিহাদকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

রোববার রাতে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে জিহাদ নামের এক শিক্ষার্থীকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, ঘটনাটি তাঁর জানা নেই। তবে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে জিহাদকে কারা, কী কারণে এবং কোথা থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। একই সঙ্গে সাইকেল চুরির অভিযোগেরও কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।



এমকে/বিএম২৪