আইডিআরএর সদস্য হলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ইডি

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৬:৩০ পিএম
আইডিআরএর সদস্য হলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ইডি

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (প্রশাসন) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক (ইডি) মো. সিরাজুল ইসলাম। তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।


রোববার (১৬ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিমা অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ৫(২) ধারা অনুযায়ী মো. সিরাজুল ইসলামকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ছিন্ন করার শর্তে কার্যভার গ্রহণের দিন থেকে তিন বছরের জন্য আইডিআরএর সদস্য (প্রশাসন) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।


নিয়োগের পর তার বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিমা অধিশাখার উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।


মো. সিরাজুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ দায়িত্বের পাশাপাশি তিনি কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হিসেবেও কাজ করেছেন।


সংশ্লিষ্টদের মতে, কেন্দ্রীয় ব্যাংকে দীর্ঘদিনের প্রশাসনিক ও নীতিগত অভিজ্ঞতা আইডিআরএর সদস্য (প্রশাসন) হিসেবে তার নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে দেশের বিমা খাতের নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কার্যক্রমে তার অভিজ্ঞতা কাজে লাগতে পারে।



এমকে/বিএম২৪