বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৯:৪৭ পিএম
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ

সূত্রঃ সংগৃহীত

জেলা প্রতিনিধি



পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, 'গত ১৭ বছর আওয়ামীলীগ সরকারের আমলে শিক্ষাব্যবস্থায় ধস চরম নেমেছিল। কিন্তু বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। যে কারণে এবার বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা খাতে। আমাদের যেমন শিক্ষার প্রয়োজন, তেমনি কর্মসংস্থানেরও প্রয়োজন। তাই আমাদের সন্তানরা যাতে কারিগারি শিক্ষা নিয়ে দেশ-বিদেশে গিয়ে কাজ করতে পারে, সেই ব্যবস্থা সরকার করছে'।


রোববার (১৬ আগস্ট) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলা অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শামা ওবায়েদ আরও বলেন, 'বাংলাদেশে শিক্ষাব্যবস্থায় বেশি ভূমিকা রেখেছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া। তিনি সর্বপ্রথম বাংলাদেশে আমাদের মেয়েদের শিক্ষাকে প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ফ্রি করে সবার দ্বারে দ্বারে ঘরে ঘরে শিক্ষাব্যবস্থা পৌঁছে দিয়েছিলেন। তার সুযোগ্য পুত্র ও উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান এক ধাপ এগিয়ে নিয়ে এই শিক্ষা আরো চার বছর বাড়িয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত নিয়ে গেছেন।’ তিনি আরও বলেন, 'মাদক মুক্ত সমাজ গড়তে হলে ‘আমাদের মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে'।


সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিয়া সুলতানা, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহা. তাশেম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, বিএনপি নেতা খায়রুল বাসার আজাদ প্রমুখ।



এমকে/বিএম২৪