নারী-শিশু নির্যাতন বন্ধে রাজশাহীতে মহিলা পরিষদের মানববন্ধন

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১০:২৩ পিএম
নারী-শিশু নির্যাতন বন্ধে রাজশাহীতে মহিলা পরিষদের মানববন্ধন

সূত্রঃ সংগৃহীত

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:



দেশজুড়ে নারী ও শিশুদের ওপর ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ জানিয়ে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখা।

রোববার (১৬ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় নারী, শিশু ও প্রতিবন্ধী নারীরা ধর্ষণ ও যৌন সহিংসতার শিকার হচ্ছেন। ঘরে-বাইরে নারীরা নানা ধরনের নির্যাতনের মুখে পড়লেও অনেক ক্ষেত্রে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হয় না। বিচারপ্রক্রিয়া দীর্ঘ হওয়ায় অপরাধীদের মধ্যে শাস্তির ভয় কমছে এবং সহিংসতা বাড়ছে।

তারা বলেন, নারী ও শিশুর ওপর সহিংসতা বর্তমানে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে শিশুরা ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

বক্তারা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন থেকে ধর্ষণ মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং ৯০ দিনের মধ্যে বিচার শেষ করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানানো হয়।

কর্মসূচিতে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার কল্পনা রায়, সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, সহসাধারণ সম্পাদক নিলুফার আহমেদ, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সেলিনা বানু, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, মহিলা বিষয়ক সম্পাদক সাবিত্রী হেমব্রম, মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহীর যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, পরিবর্তন এনজিওর পরিচালক রাশেদ রিপনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।



এমকে/বিএম২৪