ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একাডেমিক মাইগ্রেশনে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জাতীয় ছাত্রমঞ্চের

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১০:৪৫ পিএম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একাডেমিক মাইগ্রেশনে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জাতীয় ছাত্রমঞ্চের

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একাডেমিক মাইগ্রেশন নিয়ে অনুষ্ঠিতব্য ভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় ছাত্রমঞ্চ।


রোববার (১৬ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলন ও শিক্ষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে একাডেমিক মাইগ্রেশনের এই উদ্যোগকে দেখছে জাতীয় ছাত্রমঞ্চ।


বিবৃতিতে আরও বলা হয়, ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে সাত কলেজের শিক্ষার্থীরা ফল প্রকাশে দীর্ঘসূত্রতা, সেশনজট, একাডেমিক ক্যালেন্ডারের অনিয়ম, প্রশাসনিক জটিলতা ও সমন্বয়হীনতাসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছেন। এসব সংকট নিরসন এবং একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ধারাবাহিক আন্দোলনের ফলেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে বলে মনে করে সংগঠনটি।


জাতীয় ছাত্রমঞ্চ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সেশনসমূহকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একাডেমিক মাইগ্রেশনের বিষয়ে শিক্ষার্থীদের মতামত জানতে আগামী ১৭ থেকে ১৯ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক ও গোপন ভোটের মাধ্যমে শিক্ষার্থীদের মতামত গ্রহণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে সংগঠনটি।


বিবৃতিতে সংগঠনটি দাবি করে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক মাইগ্রেশন সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও আন্দোলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের অধীনে ঐক্যবদ্ধ একাডেমিক কাঠামো, জবাবদিহিমূলক প্রশাসন এবং শিক্ষার্থীবান্ধব শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে এই মাইগ্রেশন ইতিবাচক ভূমিকা রাখবে বলেও উল্লেখ করা হয়।


এ কারণে সাত কলেজের সব শিক্ষার্থীর প্রতি একাডেমিক মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় ছাত্রমঞ্চ।


বিবৃতিতে সংগঠনটির পক্ষে বার্তাপ্রেরক হিসেবে ছিলেন রিশাদ সালেহ, সংগঠক, জাতীয় ছাত্রমঞ্চ ও শিক্ষার্থী, ঢাকা কলেজ।



এমকে/বিএম২৪