মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৭:০১ পিএম
মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী

সূত্রঃ সংগৃহীত

জেলা প্রতিনিধি



নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু কথায় নয়, জনগণের সামনে দেওয়া ওয়াদা বাস্তবায়নের মাধ্যমে সরকার দেশকে এগিয়ে নিতে চায়।


রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।


তারেক রহমান বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কাজ করছে। অন্য কোনো দেশের মডেল অনুসরণ না করে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার।


নারীদের স্বনির্ভর ও শিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপি সরকারের মূল লক্ষ্য। জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।


প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রগতির জন্য শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা জরুরি। মানুষকে যথাযথভাবে গড়ে তুলতে না পারলে দেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব নয়।


বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের কর্মকাণ্ড বিবেচনা করে যারা বিভ্রান্তি ছড়ায়, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। যারা বর্তমানে নানা কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের অনেকেই গত ১৭ বছরে রাজপথে ছিলেন না।


এ সময় সংস্কারের কথা বলা ব্যক্তিদের উদ্দেশে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, যারা এখন সংস্কারের কথা বলছেন, তারা গত ১৭ বছর কোথায় ছিলেন?



এমকে/বিএম২৪