কালিয়াকৈরে মাদকের ভাগাভাগি নিয়ে ছুরিকাঘাতে হেলপার নিহত

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১০:২৮ পিএম
কালিয়াকৈরে মাদকের ভাগাভাগি নিয়ে ছুরিকাঘাতে হেলপার নিহত

সূত্রঃ সংগৃহীত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:



গাজীপুরের কালিয়াকৈরে মাদকের ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে আকাশ মিয়া (২২) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সাকিল চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার ট্রাক স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও অভিযুক্ত দুজনই পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত আকাশ মিয়া নওগাঁর বদলগাছী উপজেলার আটাপাড়া পাহাড়পুর এলাকার মজিদুল ইসলামের ছেলে। তিনি কালিয়াকৈরের কুতুবদিয়া এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন এবং রাজধানী পরিবহনের একটি বাসে হেলপার হিসেবে কাজ করতেন। অপরদিকে গ্রেপ্তার সাকিল চৌধুরী উপজেলার টান কালিয়াকৈর এলাকার আলম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে ৩টার দিকে ট্রাক স্ট্যান্ড এলাকায় চার বন্ধু মিলে মাদক সেবন করছিলেন। এ সময় মাদক সেবন ও ভাগাভাগি নিয়ে আকাশের সঙ্গে অন্যদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাকিল উত্তেজিত হয়ে ধারালো ছুরি দিয়ে আকাশের বুক ও পেটে উপর্যুপরি আঘাত করেন।

আকাশের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় আকাশকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার দুপুরে পুলিশ উপজেলার হিজলতলী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাকিল চৌধুরীকে গ্রেপ্তার করে। একই দিন নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম-বার বলেন, প্রাথমিক তদন্তে মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।



এমকে/বিএম২৪