চিতলমারীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা
সূত্রঃ সংগৃহীত
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
‘মাছ চাষে গড়ব দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে মৎস্যচাষি, মৎস্যজীবী, রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বাদ্যযন্ত্রসহ একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারী।
সভায় মৎস্যচাষ উদ্যোক্তা শংকর পাত্র, মৎস্যচাষি গৌরাঙ্গ মণ্ডল, মৎস্যখাদ্য বিক্রেতা সাকিব শেখ ও সফল মৎস্যচাষি মহিউদ্দিন মোল্লা বক্তব্য দেন।
বক্তারা বলেন, মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও পুষ্টিসম্পন্ন মাছ উৎপাদনের দিকে গুরুত্ব দিতে হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ ও দেশীয় মাছের বৈচিত্র্য সংরক্ষণেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
অনুষ্ঠানে বিএনপির উপজেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, জামায়াতে ইসলামী বাংলাদেশের উপজেলা আমির মাওলানা মুনিরুজ্জামান গাজী, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উপজেলা সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লিমন বিশ্বাস ইউনুস, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন শেখ ও এনসিপির উপজেলা সভাপতি জুয়েল ফকিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় চিতলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিলন কুমার ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা সিয়ামত আল মামুনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪








