সমাবর্তনের আগেই খুলছে পাবিপ্রবির টিএসসির দুয়ার, যা জানালেন ভিসি
সংগৃহীত
মো. বাপ্পি হোসেন,পাবনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথম সমাবর্তন। এ আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কক্ষ বরাদ্দ নিয়ে আশার কথা শুনিয়েছেন উপাচার্য। আগামী বছরের মার্চে সমাবর্তনের আগেই সংগঠনগুলোকে কক্ষ বরাদ্দ দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে পাবিপ্রবি ক্যাম্পাসে প্রায় ৩০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে উঠেছে। তবে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা, আর্থিক বরাদ্দ ও সাংগঠনিক কার্যালয়ের অভাবে এসব সংগঠনের অধিকাংশের কার্যক্রম বর্তমানে অনেকটাই স্থবির।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংগঠনগুলোর জন্য নির্দিষ্ট কোনো আর্থিক বরাদ্দ নেই। পাশাপাশি নিয়মিত সভা, পরিকল্পনা প্রণয়ন ও অন্যান্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য নেই পৃথক কোনো কার্যালয় বা কক্ষ। ফলে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন সংগঠনগুলোর সদস্যরা।
শিক্ষার্থীদের মতে, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে গতিশীল করতে সংগঠনগুলোর জন্য স্থায়ী কার্যালয় নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে টিএসসির অব্যবহৃত কক্ষগুলো সংগঠনগুলোর মধ্যে বরাদ্দ দেওয়া হলে তাদের কার্যক্রমে নতুন গতি আসবে। তাই দ্রুত সময়ের মধ্যে কক্ষ বরাদ্দের দাবি জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম বলেন, বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য কক্ষ প্রয়োজন, বিষয়টি তিনি স্বীকার করেন। তবে কিছু জটিলতার কারণে এখনো কক্ষ বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। দ্রুত সময়ের মধ্যে কক্ষ বরাদ্দ দেওয়ার চেষ্টা চলছে।
সব সংগঠনকে কক্ষ বরাদ্দ দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে নামে-বেনামে অনেক সংগঠন রয়েছে। তবে হাতেগোনা কয়েকটি সংগঠনের কার্যক্রমই চোখে পড়ার মতো। তার মতে, এসব সংগঠনই কক্ষ বরাদ্দ পাওয়ার দাবিদার। শুরুতেই সব সংগঠনকে কক্ষ দেওয়া হবে না। সংগঠনগুলোর কার্যক্রম পর্যালোচনা করে যোগ্যতার ভিত্তিতে টিএসসিতে কক্ষ বরাদ্দ দেওয়া হবে।
তিনি আরও বলেন, আগামী বছরের মার্চে সমাবর্তনের আগেই সংগঠনগুলোকে কক্ষ বরাদ্দ দেওয়ার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এমকে/বিএম২৪








