শেখ হাসিনার প্রত্যর্পণ চুক্তি ও আইন অনুযায়ীই সমাধান হবে: জয়সওয়াল
সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বিদ্যমান আইন ও দুই দেশের মধ্যকার চুক্তি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ভারত। মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ব্রিফিংয়ে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত আবেদনের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, দুই দেশের মধ্যকার আইনি কাঠামো এবং প্রত্যর্পণ চুক্তির বিধান অনুসারেই বিষয়টির সমাধান করা হবে।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় বিষয়। সে অনুযায়ীই প্রক্রিয়াটি এগিয়ে নেওয়া হবে।
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে বাংলাদেশের হাইকমিশনই সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে।
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে জানিয়েছেন, তিনি ভারতে নির্বাসনে রয়েছেন। অন্যদিকে বাংলাদেশের সরকার ফৌজদারি আইনে দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে। এ বিষয়ে ভারতের অবস্থান কী?
জবাবে জয়সওয়াল আগের বক্তব্য পুনর্ব্যক্ত করে বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। বিষয়টি সেই অনুযায়ীই এগিয়ে নেওয়া হবে।
এ ছাড়া ভ্রমণ নথি ছাড়া কাউকে প্রত্যর্পণ করা সম্ভব কি না এবং প্রত্যর্পণের ক্ষেত্রে পাসপোর্ট বাধ্যতামূলক কি না, এমন প্রশ্নও করা হয়। জবাবে জয়সওয়াল বলেন, এটি একটি কারিগরি ও আইনি বিষয়। মানুষের যাতায়াতের জন্য স্বাভাবিকভাবেই ভ্রমণসংক্রান্ত নথির প্রয়োজন হয়।
এদিনের ব্রিফিংয়ে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়েও প্রশ্ন ওঠে। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ বিষয়ে আগের সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য দিয়েছেন। বর্তমানে তাঁর কাছে নতুন কোনো তথ্য নেই।
নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কাছে নতুন কোনো তথ্য নেই। কোনো তথ্য পাওয়া গেলে গণমাধ্যমকে জানানো হবে।
এদিকে ঢাকায় ধারণ করা কিছু ভিডিওকে ভারতের রাজধানী দিল্লির দৃশ্য হিসেবে প্রচারের অভিযোগ নিয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি বলেন, গণমাধ্যমে এ ধরনের প্রতিবেদন তাঁরা দেখেছেন। কোনো দেশের বিষয়ে বিকৃত বা বিভ্রান্তিকর ছবি ও তথ্য প্রচার করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ ধরনের মিথ্যা প্রচারণা সংশ্লিষ্টদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করে।
চীনের সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন বিষয়ে চীনের সঙ্গে ভারতের নিয়মিত আলোচনা হয়। সেই আলোচনার মাধ্যমে উদ্বেগের বিষয়গুলো তুলে ধরা হয়। ঢাকাকে দিল্লি হিসেবে উপস্থাপন করে ভারতের রাজধানীকে ভুল ও নেতিবাচকভাবে তুলে ধরার ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এমকে/বিএম২৪









