পাসপোর্ট চাওয়ার পেছনে হাসিনার ‘মতলব’ কী?

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম
পাসপোর্ট চাওয়ার পেছনে হাসিনার ‘মতলব’ কী?

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন এবং আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে। তিনি সত্যিই দেশে ফিরতে চান, নাকি আওয়ামী লীগের নেতা-কর্মীদের সক্রিয় রাখা এবং নিজের রাজনৈতিক প্রভাব ধরে রাখতেই এমন উদ্যোগ নিয়েছেন—তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।


মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। সম্প্রতি তার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য যোগাযোগ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।


বাংলাদেশ সরকার তার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে এবং দেশে ফেরার বিষয়ে আন্তরিক হলে ভারত থেকে প্রত্যর্পণের আবেদন করার কথা জানিয়েছে।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আলজাজিরাকে বলেন, যারা হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে যায়, বাংলাদেশ তাদের পাসপোর্ট দেয় না। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।


অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকরের মুখোমুখি হতে হবে।


হাসিনা জানেন তার ভাগ্য কী


আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা প্রায় ২০ বছর বাংলাদেশ শাসন করেছেন। এখনও দেশের একটি অংশের মানুষের মধ্যে তার সমর্থন রয়েছে। তবে তার প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে।


ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সভাপতি জিল্লুর রহমান মনে করেন, শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি অবিলম্বে দেশে ফেরার পরিকল্পনার চেয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের রাজনৈতিকভাবে সক্রিয় রাখার কৌশল হতে পারে।


তিনি বলেন, শেখ হাসিনা নিজের ভাগ্য সম্পর্কে জানেন। তবে তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের রাজনৈতিকভাবে সক্রিয় রাখতে চান। একই সঙ্গে দলের নেতৃত্ব অন্য কারও হাতে তুলে দিতেও তিনি আগ্রহী নন বলে মনে করেন জিল্লুর রহমান।


সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচও ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন না। তার মতে, দেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রাসঙ্গিকতা কমে যাওয়ার আলোচনা অন্যদিকে ঘোরাতে এবং সমর্থকদের উজ্জীবিত করতেই দেশে ফেরার ঘোষণা দেওয়া হয়েছে।


বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক ফয়েজ সোবহানও মনে করেন, শেখ হাসিনার এই ঘোষণা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মনোবল বাড়াতে ভূমিকা রাখছে। তার মতে, দেশে ফিরলে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড অথবা দীর্ঘমেয়াদি কারাবাসের মুখোমুখি হতে হতে পারে।


তবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন। দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে আলজাজিরাকে বলেন, তাদের নেত্রী দেশে ফিরে আসবেন। তবে কীভাবে তিনি ফিরবেন এবং এ বিষয়ে দল কী পদক্ষেপ নিচ্ছে, তা নিয়ে অনেক নেতা-কর্মীরই স্পষ্ট ধারণা নেই।


শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে ভারতের হিসাব-নিকাশ


শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানের সঙ্গে ভারতের ভূমিকাও জড়িয়ে রয়েছে। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। দীর্ঘদিনের মিত্রকে আশ্রয় দেওয়ায় ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে।


বাংলাদেশ একাধিকবার দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। তবে ভারত জানিয়েছে, বাংলাদেশের অনুরোধগুলো পর্যালোচনা করা হচ্ছে।


গত এপ্রিলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে আগ্রহী। বাংলাদেশও দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।


ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, ভারত শেখ হাসিনাকে দীর্ঘদিনের বন্ধু হিসেবে বিবেচনা করে। তবে তার ভারতে অবস্থানের বিষয়টি বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয় থেকে আলাদা করে দেখতে চায় নয়াদিল্লি।


অন্যদিকে সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ মনে করেন, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে ভারতের কূটনৈতিক জটিলতা বাড়ছে। তবে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা তিনি দেখছেন না।


সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সভাপতি জিল্লুর রহমানের মতে, শেখ হাসিনাকে নিয়ে ভারত একদিকে অস্বস্তিতে রয়েছে, অন্যদিকে দীর্ঘদিনের মিত্রকে ছেড়ে দেওয়াও দেশটির জন্য সহজ নয়। কারণ, এমন সিদ্ধান্ত ভারতের অন্যান্য মিত্রদের মধ্যেও আস্থার সংকট তৈরি করতে পারে।


বিএনপির সঙ্গে সমঝোতার সম্ভাবনা কতটা


শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে বিএনপি সরকারের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা সম্ভব কি না, সে প্রশ্নও উঠে এসেছে প্রতিবেদনে। তবে বিশ্লেষকেরা এমন সম্ভাবনা খুব কম দেখছেন।


বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ফয়েজ সোবহান বলেন, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপির লাভের চেয়ে ক্ষতির আশঙ্কা বেশি। আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ সময় বিএনপির নেতা-কর্মীদের কারাবন্দি, হয়রানি ও রাজনৈতিকভাবে কোণঠাসা থাকার অভিজ্ঞতা রয়েছে। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে।


তার মতে, এ ধরনের কোনো সমঝোতার উদ্যোগকে বিএনপির নেতা-কর্মীরা বিশ্বাসঘাতকতা হিসেবে দেখতে পারেন।


সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে দেন। তিনি বলেন, শেখ হাসিনা যদি মনে করেন দেশে ফিরে আবারও নিজের রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধার করতে পারবেন, তাহলে তিনি নিজেকেই ধোঁকা দিচ্ছেন।


ফয়েজ সোবহান আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বাইরে বিএনপি সরকারের পদক্ষেপ নেওয়ার সুযোগ সীমিত। জবাবদিহি কিংবা ক্ষমা প্রার্থনা ছাড়া রাজনৈতিক সমঝোতা কঠিন। তার মতে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে প্রত্যর্পণই ঢাকার আনুষ্ঠানিক পথ।


সূত্র: আলজাজিরা


এমকে/বিএম২৪