রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
বিগত সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলী বিগত সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা বিভিন্ন মামলা প্রত্যাহারের অগ্রগতি সম্পর্কে জানতে চান।
লিখিত প্রশ্নে তিনি উল্লেখ করেন, বিগত সময়ে দায়ের করা অনেক মিথ্যা ও রাজনৈতিক মামলা এখনো নিষ্পত্তি না হওয়ায় হাজার হাজার মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এসব মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণ এবং কবে নাগাদ সেগুলোর নিষ্পত্তি সম্ভব হবে, সে বিষয়ে সরকারের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ রয়েছে কি না, তা জানতে চান তিনি।
জবাবে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়েছিল। পরবর্তীতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার উদ্যোগ নেয়।
এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে মামলা প্রত্যাহারের আবেদন যাচাই-বাছাইয়ের জন্য নতুন করে কমিটি গঠন করা হয়।
আইনমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, জেলা পর্যায়ের এসব কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ম্যাজিস্ট্রেট। প্রতিটি কমিটিতে রয়েছেন চারজন সদস্য। কোনো মামলা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কি না, তা যাচাই করে প্রত্যাহারের সুপারিশ করাই এসব কমিটির অন্যতম দায়িত্ব।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মামলার প্রত্যাহারের আবেদন, এজাহার এবং প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সত্যায়িত অনুলিপি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউটরের মতামতও বিবেচনায় নেওয়া হয়।
শুধু রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দায়ের করা হয়েছিল কি না, তা-ই নয়; মামলাটি অব্যাহত রাখার ক্ষেত্রে জনস্বার্থ রয়েছে কি না এবং মামলা চলমান থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে কি না, সেসব বিষয়ও যাচাই করে জেলা পর্যায়ের কমিটিগুলো।
আইনমন্ত্রী আরও জানান, জেলা পর্যায়ের কমিটিগুলোর সুপারিশ পর্যালোচনা ও সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় পর্যায়েও একটি কমিটি গঠন করা হয়েছে। ২০২৬ সালের ৮ মার্চ তাঁকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
তিনি বলেন, মামলা প্রত্যাহারের আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশ পর্যালোচনা করা হবে। কোনো মামলা হয়রানিমূলক হিসেবে প্রতীয়মান হলে তা প্রত্যাহারের বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এমকে/বিএম২৪









