জাবিতে জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির ৬ দফা দাবি
সংগৃহীত
জাবি প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলায় মদদদাতা ও অভিযুক্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ জড়িতদের পুনঃতদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করাসহ ক্যাম্পাস সংস্কারে ছয় দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা।
ছয় দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের পুনঃতদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা; অবিলম্বে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা; একাডেমিক নিপীড়নে জড়িত শিক্ষকদের বিচার, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু, সব বিভাগে মানোন্নয়ন পরীক্ষা ও উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ চালু; ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা; পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার অফিস ও কেন্দ্রীয় লাইব্রেরিসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অটোমেশনের আওতায় আনা এবং বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, দেশে ও ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নির্বিঘ্নে ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। বর্তমান প্রশাসন নির্দিষ্ট একটি ছাত্রসংগঠনকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করে ক্যাম্পাসে পেশিশক্তির রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, প্রশাসন যদি সব শিক্ষার্থীর অধিকার নিশ্চিত না করে পেশিশক্তির ওপর নির্ভর করে, তাহলে ক্যাম্পাসে আবারও ১৭ জুলাইয়ের মতো গণঅভ্যুত্থান তৈরি হবে।
জাবি শাখা ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, ক্যাম্পাসের সার্বিক সংস্কার ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জাতীয় ছাত্রশক্তি ছয় দফা দাবি উত্থাপন করেছে। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে হামলাকারী শিক্ষক-শিক্ষার্থীদের বিচার, অবিলম্বে ১১তম জাকসু নির্বাচনের উদ্যোগ এবং শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু অন্যতম।
তিনি অভিযোগ করেন, এসব দাবি আগেও জানানো হলেও বর্তমান প্রশাসন তা বাস্তবায়নে কিংবা অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
তিনি আরও জানান, ক্যাম্পাসে ধর্ষণ ও হত্যাচেষ্টার মতো গুরুতর ঘটনার ১৮২ দিন পার হলেও প্রশাসন এখনো অপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে পারেনি। উল্টো জুলাইয়ের হামলায় অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসের আশপাশে অবস্থান করে প্রকাশ্যে হুমকি দিচ্ছে।
সাধারণ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন ও প্রশাসনিক কার্যক্রমে অটোমেশন অবিলম্বে কার্যকর করার দাবি জানান তিনি।
এমকে/বিএম২৪








