বগুড়ায় জামায়াতের স্টেডিয়াম থানা কমিটি গঠনে ভোট গ্রহণ
সংগৃহীত
নাজিরুল ইসলাম, বগুড়া প্রতিনিধি
বগুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর শাখার অধীন স্টেডিয়াম থানা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও রোকনদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বগুড়া কলোনি এলাকার শাহওয়ালী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহানগর সহকারী সেক্রেটারি ও থানা কেয়ারটেকার অ্যাডভোকেট আল আমিন তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মহানগর আমীর অধ্যাপক আ স ম আব্দুল মালেক।
অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন ও ইঞ্জিনিয়ার বজলুর রহমানসহ অন্য নেতারা।
ভোট গ্রহণের আগে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আ স ম আব্দুল মালেক বলেন, আগামী সেশনে যিনি থানা আমীরের দায়িত্ব পাবেন, তাকে মনে রাখতে হবে, এ পদ কোনো সম্মান বা ক্ষমতার কেন্দ্র নয়; বরং আল্লাহর কাছে জবাবদিহির একটি বড় দায়িত্ব। হজরত আবু বকর (রা.) ও হজরত ওমর (রা.) যেভাবে খিলাফতের দায়িত্বকে বোঝা মনে করে আল্লাহর কাছে জবাবদিহির ভয় করতেন, দায়িত্বশীলদেরও সেভাবে তাকওয়া অর্জন করতে হবে।
তিনি আরও বলেন, শরিয়াহ ও সাংগঠনিক বিধিমালার আলোকে দায়িত্বশীলদের পরামর্শ এবং সৎকাজে আনুগত্য করতে হবে। সমাজে দ্বীন প্রতিষ্ঠার পরিবেশ তৈরি ও মানবতার সেবা করাই তাদের মূল লক্ষ্য। থানা আমীরের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও ইউনিট পর্যায়ে দাওয়াত পৌঁছে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে আদর্শিক অবস্থান সুদৃঢ় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক নিয়ম অনুযায়ী থানা আমীর নির্বাচনে রোকনদের (সদস্যদের) ভোট গ্রহণ করা হয়।
এমকে/বিএম২৪








