শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে বিভ্রান্তিকর খবর, প্রকৃত তথ্য জানালেন ডেপুটি প্রেস সচিব

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে বিভ্রান্তিকর খবর, প্রকৃত তথ্য জানালেন ডেপুটি প্রেস সচিব

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে প্রকাশিত খবরকে বিভ্রান্তিকর বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ। তিনি জানিয়েছেন, শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আনুষ্ঠানিক আবেদন করা হয়নি।


সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে বিষয়টি বিস্তারিত তুলে ধরেন সুজন মাহমুদ। তিনি জানান, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমানের সঙ্গে কথা বলে বিষয়টি সম্পর্কে প্রকৃত তথ্য জেনেছেন।


সাইদুর রহমানের বরাত দিয়ে তিনি জানান, ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামের একটি আইনজীবী প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠানো হয়েছে। ওই ই-মেইলে শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।


তবে ই-মেইলটি শেখ হাসিনার অনুমোদনক্রমে পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ, ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশন-সংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র সংযুক্ত ছিল না। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান হাইকমিশনের প্রেস মিনিস্টার।


সুজন মাহমুদের পোস্টে আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলের বিষয়বস্তুও তুলে ধরা হয়েছে। সেখানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে উদ্দেশ করে শেখ হাসিনার বিদ্যমান পাসপোর্ট ও এনআইডি বাতিলের খবর উল্লেখ করে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।


বাংলাদেশের ই-পাসপোর্টের নিয়ম অনুযায়ী, আবেদনকারীকে অনলাইনে ফরম পূরণের পর পাসপোর্ট অফিস অথবা বিদেশে বাংলাদেশের মিশনে সশরীরে উপস্থিত হয়ে ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিসের তথ্য দিতে হয়। শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের আবেদন ফরম জমা দেওয়া কিংবা বায়োমেট্রিক তথ্য দেওয়ার কোনো তথ্য এপি ও রয়টার্সের প্রতিবেদনে পাওয়া যায়নি।


বিষয়টি নিয়ে একটি ফ্যাক্টচেক প্রতিষ্ঠানও যাচাই করে একই ধরনের তথ্য প্রকাশ করেছে।


সুজন মাহমুদের এই ব্যাখ্যায় আইনজীবী প্রতিষ্ঠানের ই-মেইল পাঠানো এবং আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের আবেদন করার মধ্যে পার্থক্য স্পষ্ট হয়েছে। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর শিরোনামে সংবাদ প্রকাশের বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তাও উঠে এসেছে।


এমকে/বিএম২৪