সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেল, হামলাকারী কে?

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেল, হামলাকারী কে?

সংগৃহীত

 জেলা প্রতিনিধি


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে তার বাঁ হাত গুরুতরভাবে জখম হয়েছে। এ ঘটনায় হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। 


মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে। হামলার সময় হাসিবের সঙ্গে অটোরিকশায় থাকা তরুণী তার স্ত্রী বলে নিশ্চিত করেছেন ছাত্রশক্তির নেতারা।


সিলেট বিভাগীয় ছাত্রশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিকী আবু লালা জানান, হাসিবের সঙ্গে থাকা তরুণী তার স্ত্রী।


একই তথ্য নিশ্চিত করেছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও শ্রীমঙ্গলের বাসিন্দা প্রীতম দাস। তিনি জানান, হামলায় আহত হওয়ার পর হাসিব ট্রেনে করে কুমিল্লায় যাচ্ছেন। সেখান থেকে আবার শ্রীমঙ্গলে ফিরে থানায় মামলা করাসহ পরবর্তী কর্মসূচি নেওয়া হবে।


পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম হাবিবুর রহমান। তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।


ইতোমধ্যে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হাসিব ও এক তরুণী ব্যাটারিচালিত অটোরিকশায় করে রিসোর্টের সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তি হাসিবকে উদ্দেশ করে গালাগাল করেন। পরে অটোরিকশা থামলে তার সঙ্গে হাত মেলান এবং আবারও আপত্তিকর মন্তব্য করেন। একপর্যায়ে হঠাৎ চাপাতি নিয়ে হাসিবের ওপর হামলা চালান। এ সময় প্রাণ বাঁচাতে অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালিয়ে যান হাসিব।


বালিশিরা রিসোর্টের ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন জানান, তিন দিন আগে স্ত্রী পরিচয়ে এক তরুণীকে নিয়ে রিসোর্টে উঠেছিলেন হাসিব। মঙ্গলবার তাদের চেকআউট করার কথা ছিল। রিসোর্ট থেকে বের হওয়ার পরই হামলার ঘটনা ঘটে।


রিসোর্টের এক কর্মচারী জানান, হামলার পর হাসিব দৌড়ে আবার রিসোর্টে ফিরে আসেন। তখন তার বাঁ হাতের বেশ কিছু অংশ কেটে যায়। রিসোর্টের কর্মীরা ব্যান্ডেজ করে রক্তপাত বন্ধ করেন। পরে তিনি ওই তরুণীকে নিয়ে অটোরিকশায় রেলস্টেশনের দিকে চলে যান।


এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী বলেন, ঘটনাটি তারা শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থল ও রিসোর্টে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে হামলাকারীর পরিচয় পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান জানান, চাপাতির কোপে হাসিবের হাত জখম হয়েছে। তবে তিনি বর্তমানে নিরাপদে আছেন এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।


তিনি এ হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতা বন্ধে সরকারের সংশ্লিষ্ট মহলের কঠোর পদক্ষেপ দাবি করেন।


বালিশিরা রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ কামাল পাশা বলেন, খবর পাওয়ার পর তিনি জানতে পেরেছেন, গত রোববার স্ত্রীকে নিয়ে রিসোর্টে উঠেছিলেন হাসিব। মঙ্গলবার তাদের চলে যাওয়ার কথা ছিল। যাওয়ার পথেই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ, গোয়েন্দা সংস্থা ও ডিবি পুলিশ রিসোর্টে গিয়ে তদন্ত করেছে।


এমকে/বিএম২৪