আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশে গত দুই দিন ধরে ফ্যাসিস্ট শক্তি গুপ্ত হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হওয়ায় আবারও সাধারণ মানুষ ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে আবারও সাধারণ মানুষের ওপর হামলা চালানো হচ্ছে। খুনের নেশায় উন্মত্ত এই সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে বর্তমান সরকার সর্বতোভাবে ব্যর্থ হয়েছে।
সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে চাপাতি দিয়ে গুপ্ত হামলা চালানো হয়েছে। ফরিদপুরে বাসে আগুন দিয়ে ভেতরে ঘুমিয়ে থাকা এক নিরীহ বাসচালককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ককটেল বিস্ফোরণে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর ধারাবাহিক সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। ফলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সরকারের বিচারপ্রক্রিয়া নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকেই গণহত্যার বিচার নিয়ে সরকার সর্বোচ্চ উদাসীনতার পরিচয় দিচ্ছে। জুলাইয়ের ঘটনায় চিহ্নিত খুনি ও সন্ত্রাসীদের একের পর এক জামিন দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
কূটনৈতিক ভূমিকার সমালোচনা করে নাহিদ ইসলাম আরও বলেন, অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগ থাকা ভারতের বিরুদ্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতেও সরকার শুরু থেকেই ব্যর্থ হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান এনসিপির এই নেতা।
এমকে/বিএম২৪









