শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নে ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা
সূত্রঃ সংগৃহীত
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। বিশেষ অতিথি ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আবদুল মোতালেব দুলাল। তিনি সভায় স্বাগত বক্তব্যও দেন।
সভায় বিদ্যালয়ের বর্তমান শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের ফলাফল ও দক্ষতা উন্নয়ন, শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থা চালুর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, বর্তমান সময়ে শুধু প্রচলিত পদ্ধতিতে পাঠদান যথেষ্ট নয়। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে শিক্ষাব্যবস্থায় সময়োপযোগী পরিবর্তন আনা প্রয়োজন। পাশাপাশি পাঠদানের সঙ্গে শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা, নৈতিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে হবে।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









