শরীয়তপুরে শনপাপড়ির প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাটে শনপাপড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. ছাইদুল মন্ডল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলাওলপুর ইউনিয়নের ছাদেম আলী ব্যাপারী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছাইদুল একই ইউনিয়নের আবছার মন্ডলের ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে শিশুটি বাড়ির পাশের রাস্তায় বের হয়। এ সময় শনপাপড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছাইদুল শিশুটিকে পাশের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যান। সেখানে শিশুটিকে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে অভিযুক্ত ছাইদুলকে আটক করেন। পরে গোসাইরহাট থানা-পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গোসাইরহাট থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছাইদুলকে গ্রেপ্তার করে বুধবার শরীয়তপুর আদালতে পাঠানো হয়েছে।









