জামায়াতের সঙ্গে জোট নিয়ে বিরোধ, একে একে এনসিপি ছাড়লেন তিন নেত্রী

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম
জামায়াতের সঙ্গে জোট নিয়ে বিরোধ, একে একে এনসিপি ছাড়লেন তিন নেত্রী

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী ঐক্য ও আসন সমঝোতা নিয়ে অভ্যন্তরীণ বিরোধের জেরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়েছেন দলটির তিন নেত্রী ডা. তাসনিম জারা, তাজনূভা জাবীন ও সামান্তা শারমিন। জামায়াতের সঙ্গে জোট গঠন, দলের আদর্শিক অবস্থান থেকে বিচ্যুতি এবং একতরফা সিদ্ধান্ত গ্রহণের প্রতিবাদ জানিয়ে তারা পদত্যাগ করেন।


দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা গত বছরের ২৭ ডিসেম্বর পদত্যাগ করে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। দলীয় সূত্রে পাঠানো ৩০ নেতার চিঠিতে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক নৈতিকতার সঙ্গে জামায়াতের রাজনীতি মৌলিকভাবে সাংঘর্ষিক।


এর পরদিন ২৮ ডিসেম্বর যুগ্ম আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেন তাজনূভা জাবীন। তিনি অভিযোগ করেন, অবিশ্বাসের পরিবেশ তৈরি করে কৌশলে একটি বিশেষ দলের সঙ্গে জোটের পথ তৈরি করা হয়েছে, যা এনসিপির মূল লক্ষ্যের পরিপন্থী।


সর্বশেষ গত ৫ নভেম্বর দলটির প্রথম সারির নেত্রী সামান্তা শারমিনও জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে পদত্যাগ করেন। তার মতে, জামায়াতকে সংস্কারের অংশীদার হিসেবে বিবেচনা করায় সাধারণ মানুষ এনসিপির রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।


দলের ভেতরে আপত্তি ও মতবিরোধ থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত নাহিদ, আখতার ও হাসনাতের নেতৃত্বে এনসিপি জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে দলটি ছয়টি আসনে জয়লাভ করে।


তবে পদত্যাগ করা নেত্রীদের আশঙ্কা, এই জোটের কারণে এনসিপি নিজস্ব রাজনৈতিক স্বকীয়তা হারিয়ে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তারা নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান বজায় রাখার পক্ষে রয়েছেন।


এমকে/বিএম২৪