বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শাজাহানপুরে পোস্টারিং
সংগৃহীত
নাজিরুল ইসলাম, বগুড়া প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলায় পোস্টারিং করা হয়েছে। রাতের আঁধারে উপজেলার বিভিন্ন স্থানে এসব পোস্টার লাগানোর ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার বীরগ্রাম, খরনা ও বনানীসহ বেশ কয়েকটি এলাকায় পোস্টারগুলো দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে এসব পোস্টার লাগানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, শাজাহানপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি আলী ইমাম ইনোকী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব হোসেন বিপুলের উদ্যোগে এসব পোস্টার লাগানো হয়েছে। পোস্টে উপজেলাবাসীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, ‘শুভ জন্মদিন প্রাণপ্রিয় সংগঠন Bangladesh Awami Jubo League’।
এদিকে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশ্যে পোস্টারিংয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে। কারা, কখন এবং কীভাবে এসব পোস্টার লাগিয়েছে, তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে তাঁরা শাজাহানপুর থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাতের আঁধারে পোস্টার লাগানোর বিষয়টি সকালে জানতে পেরেছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলছে। এর সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমকে/বিএম২৪








