রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: যবিপ্রবি প্রেসক্লাবের তীব্র নিন্দা ও ক্ষোভ

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০১:২৩ এএম
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: যবিপ্রবি প্রেসক্লাবের তীব্র নিন্দা ও ক্ষোভ

সূত্রঃ সংগৃহীত

সাকিবুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (যবিপ্রবি প্রেসক্লাব)।


সোমবার (৫ অক্টোবর) প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমরিন আল ফারাবী স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে যবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক মো. হাবিব উল্লাহর বক্তব্য তুলে ধরা হয়েছে।


প্রতিবাদ বার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার চর্চাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। সংবাদমাধ্যম ও সাংবাদিক সংগঠনগুলো কোনো রাজনৈতিক পক্ষ নয়; নিরপেক্ষভাবে সত্য তুলে ধরাই সাংবাদিকদের মূল দায়িত্ব। এমন পরিস্থিতিতে সাংবাদিকদের ওপর রড, রামদা ও চাপাতির মতো দেশীয় অস্ত্র নিয়ে হামলা এবং প্রাণনাশের হুমকি স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহ-সভাপতি শরিফুল ইসলাম ও সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলমসহ অন্তত ১০ জন নেতা-কর্মী দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন।


এ সময় ভিডিও ধারণ ও পেশাগত দায়িত্ব পালন করতে গেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজুকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। হামলায় জাহিদুল ইসলামের মাথা ফেটে যায়। এ ঘটনায় চিকিৎসাধীন চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।


যবিপ্রবি প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো মুক্তবুদ্ধি চর্চার জায়গায় এ ধরনের সহিংসতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তারা বলেন, কলমকে অস্ত্রের মুখে স্তব্ধ করা যাবে না।


যবিপ্রবি প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে আহত সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।


এমকে/বিএম২৪