প্রেম থেকে বিয়ে, এরপর বিচ্ছেদ—প্রীতম–শেহতাজের সম্পর্কের নয় বছর
সূত্রঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক
একটি গানের মিউজিক ভিডিও থেকে পরিচয়। এরপর ভালো লাগা, প্রেম, দীর্ঘদিন সম্পর্ক গোপন রাখা এবং পরে বিয়ে—প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের সম্পর্কের গল্প ছিল অনেকটাই ব্যক্তিগত। ২০২২ সালে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে এলে তা ভক্তদের জন্য ছিল বেশ চমকপ্রদ।
তবে প্রায় নয় বছরের সম্পর্কের পর এবার আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। গতকাল রোববার রাতে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক পোস্টে বিচ্ছেদের ঘোষণা দেন প্রীতম ও শেহতাজ। তাঁদের এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন অনেকেই।
‘জাদুকর’ থেকেই শুরু
প্রীতম ও শেহতাজের পরিচয় ২০১৭ সালে। সে সময় প্রীতম হাসানের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন শেহতাজ। ওই ভিডিওর শুটিং সেটেই তাঁদের প্রথম পরিচয়।
পরে এক সাক্ষাৎকারে প্রীতম জানিয়েছিলেন, প্রথম দেখাতেই শেহতাজকে তাঁর জীবনের মানুষ হিসেবে মনে হয়েছিল। শেহতাজের কাছ থেকেও নিজের অনুভূতির ইতিবাচক সাড়া পাওয়ার পর মায়ের কাছে গিয়ে বিয়ের ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি।
তবে সম্পর্কের বিষয়টি তাঁরা দীর্ঘদিন প্রকাশ্যে আনেননি।
পাঁচ বছর প্রেম, তারপর বিয়ে
‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় শুরু হওয়া ভালো লাগা ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। প্রায় পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের অক্টোবর মাসে তাঁদের বিয়ের খবর সামনে আসে।
জানা যায়, ২৭ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। তারকা হওয়ার পরও দীর্ঘদিন নিজেদের সম্পর্ক ব্যক্তিগত রাখায় বিয়ের খবরটি ভক্তদের মধ্যে বেশ আলোড়ন তৈরি করেছিল।
বিচ্ছেদের আভাস কি আগে থেকেই ছিল?
বিচ্ছেদের ঘোষণা আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাঁদের সম্পর্কে কি আগে থেকেই টানাপোড়েন চলছিল?
ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা যায়, বেশ কিছুদিন ধরে তাঁদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। এমনকি কাছের মানুষদের মধ্যেও তাঁদের আলাদা হয়ে যাওয়ার আলোচনা ছিল।
চলতি বছরের জানুয়ারিতে জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গিয়েছিল প্রীতম ও শেহতাজকে। তবে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে দুজনের কেউই গণমাধ্যমে খুব একটা কথা বলতেন না। বিয়ের পর দেওয়া কয়েকটি সাক্ষাৎকার ছাড়া তাঁদের দাম্পত্য জীবনও ছিল অনেকটাই আড়ালে।
ফলে সম্পর্কের টানাপোড়েনের কোনো স্পষ্ট ইঙ্গিতও প্রকাশ্যে আসেনি। আর সেই কারণেই বিবাহবার্ষিকীর মাত্র ২৫ দিন আগে বিচ্ছেদের ঘোষণা অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত।
দীর্ঘ প্রেমের পর বিয়ে, আর সেই বিয়ের কয়েক বছরের মাথায় বিচ্ছেদ—প্রীতম ও শেহতাজের নয় বছরের সম্পর্কের গল্প শেষ হলো নতুন এক অধ্যায়ে।
এমকে/বিএম২৪









