গ্রেপ্তারের ৫ দিনের মাথায় জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পিএম
গ্রেপ্তারের ৫ দিনের মাথায় জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী জামিন পেয়েছেন। গ্রেপ্তারের পাঁচ দিনের মাথায় সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দেন।


ঢাকার মেট্রোপলিটন আদালতের বিচারক আমিনুল ইসলাম জুনায়েদের আদালত এ জামিন আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী জানান, ২ হাজার টাকার মুচলেকায় মামলার পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত গোলাম মহিউদ্দিনকে জামিন দেওয়া হয়েছে।


এ মামলায় আগামী ২৮ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।


এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গোলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মামলায় তিনি ৪ নম্বর আসামি।


মামলার এজাহার অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ নামে পরিচিত স্টুডিওতেও হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।


ঘটনার পর নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া গত ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। সেই মামলার তদন্তের ধারাবাহিকতায় গোলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছিল।


এমকে/বিএম২৪