পঞ্চগড়ে নারীর ফাঁদে ফেলে মারধর, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ; গ্রেপ্তার ২ নেতা

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০১:২৫ এএম
পঞ্চগড়ে নারীর ফাঁদে ফেলে মারধর, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ; গ্রেপ্তার ২ নেতা

সূত্রঃ সংগৃহীত

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় প্রতিনিধি


পঞ্চগড়ের বোদা বাজারের শিমুলতলী মোড়ে এক নারীকে ব্যবহার করে এক ব্যক্তিকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, মারধর ও অর্থ আদায়ের অভিযোগে যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বোদা পৌর যুবদলের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সোহেল এবং ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন রনি।


মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর রাত ৯টার দিকে আটোয়ারী উপজেলার বাসিন্দা পরিমল চন্দ্র বর্মন (২৯) বোদা বাজারের শিমুলতলী এলাকায় চা খেতে যান। এ সময় এক অপরিচিত নারী কৌশলে তাকে থামান। পরে কয়েকজন যুবক সেখানে এসে তাকে ঘিরে ধরেন এবং ওই নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে মারধর করেন।


অভিযোগ রয়েছে, এরপর পরিমলকে একটি বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। সেখানে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ২৫ হাজার টাকা নেওয়া হয়। একই সঙ্গে তার মোটরসাইকেলের চাবি নিয়ে চারটি ১০০ টাকার ফাঁকা স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেওয়া হয়।


পরে বিষয়টি পরিচিতদের জানালে পরদিন বিকেলে পরিমল তাদের নিয়ে শিমুলতলী এলাকায় যান। সেখানে অভিযুক্তদের শনাক্ত করার পর স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে গ্রেপ্তার করে।


পুলিশ জানিয়েছে, এ সময় ভুক্তভোগীর মোটরসাইকেল ও স্বাক্ষর করা স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।


এদিকে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গ্রেপ্তার দুজনের দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।


বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছেন। মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


এমকে/বিএম২৪