রাজশাহীতে বাড়িতে হামলা, ৫ বৈদ্যুতিক মিটার ভাঙচুর, টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ
সংগৃহীত
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর শিরোইল কলোনি পশ্চিমপাড়ায় একটি বাড়িতে হামলা, পাঁচটি বৈদ্যুতিক মিটার ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণের চেইন চুরি এবং মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে।
এ ঘটনায় বুধবার (২১ অক্টোবর) রাত ১২টার দিকে মো. সেকেন্দার মোল্লা (৬০) বাদী হয়ে চন্দ্রিমা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনি পশ্চিমপাড়ায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অভিযুক্ত ব্যক্তিরা অভিযোগকারীর বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা বাড়ির পাঁচটি বৈদ্যুতিক মিটার ভাঙচুর করেন। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, বাড়ির নিচতলার একটি শয়নকক্ষে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ সময় ওয়ারড্রবের ড্রয়ারে রাখা নগদ এক লাখ টাকা এবং এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। চেইনটির আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা।
এ ছাড়া বাড়ির ড্রয়িংরুমে থাকা একটি সুজুকি ১১০ সিসি মোটরসাইকেল ফেলে দিয়ে এর তেলের ট্যাংক ও লুকিং গ্লাস ক্ষতিগ্রস্ত করা হয়। এতে আনুমানিক ১৪ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী।
অভিযোগ অনুযায়ী, এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
অভিযোগকারী সেকেন্দার মোল্লার দাবি, এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাঁর বাড়িতে এ হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে বৃহস্পতিবার সকালে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমকে/বিএম২৪









