রাজশাহীতে পরিত্যক্ত দুই ককটেলসদৃশ বস্তু উদ্ধার
সূত্রঃ সংগৃহীত
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো প্রতিনিধি
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া শান্তিমোড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে সিটিটিসি বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের দক্ষিণ পাশে একটি বাড়ির পাশে দুটি ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি নিরাপত্তাবেষ্টনীর মধ্যে রাখে।
কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ আলী জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে বিষয়টি নিশ্চিত হয়ে রাজশাহী মহানগর পুলিশের সিটিটিসি বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
সকালে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিশেষ প্রক্রিয়ায় বস্তু দুটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেন। পরে উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়াডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে ককটেলসদৃশ বস্তু দুটি কে বা কারা সেখানে রেখে গেছে এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
এমকে/বিএম২৪









