বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যুতে এমপি মিলনের শোক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যুতে এমপি মিলনের শোক

সূত্রঃ সংগৃহীত

মোঃ শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বালীগাঁও বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের (৭৫) মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।


রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম মারা যান। তাঁর মৃত্যুতে কালীগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি তিন ছেলে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


শোকবার্তায় এমপি ফজলুল হক মিলন বলেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং দেশ ও সমাজের কল্যাণে দীর্ঘদিনের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।


তিনি বলেন, সিরাজুল ইসলাম ছিলেন একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা, সমাজসেবী এবং মানুষের কল্যাণে নিবেদিত ব্যক্তি। তাঁর মৃত্যুতে কালীগঞ্জবাসী একজন অভিভাবকতুল্য মানুষকে হারিয়েছে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।


এমপি মিলন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে পরিবারের সদস্যদের শোক সহ্য করার শক্তি কামনা করেন।


সোমবার (২৮ সেপ্টেম্বর) বাদ জোহর বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান ও সালাম প্রদান করা হয়। এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।


রাষ্ট্রীয় সম্মান প্রদানের পর বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বালীগাঁও সামাজিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।


এদিকে তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলেমান আলম, মো. খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ পৌরসভার মেয়র মো. লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হক বাচ্চু, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


এমকে/বিএম২৪