ভারতের সীমান্ত পথে দেশে এসে কর্মীসভায় নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি, আটক ১
সংগৃহীত
সুনামগঞ্জ প্রতিনিধি
যুক্তরাজ্যে অবস্থান করা কার্যক্রম নিষিদ্ধ সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার ভারতের সীমান্ত পথে দেশে এসে কর্মীসভায় অংশ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সভায় উপস্থিত থাকার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) কর্মীসভার একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন রনজিত সরকার। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ভিডিওতে সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সভার স্থান ও আয়োজন সম্পর্কে খোঁজ নিতে শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে সুনামগঞ্জ শহর থেকে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক তারা মিয়ার কাছ থেকে কর্মীসভার বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়ার পর সভাস্থল পরিদর্শন করা হয়েছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, শিক্ষা সফরের কথা বলে সিলেটের গোয়াইনঘাট এলাকায় একটি রিসোর্ট ভাড়া নেওয়া হয়েছিল। সেখানে প্রায় ১৭৫ জন অংশ নেন। দিনভর আয়োজন শেষে রাতে গান-বাজনার সময় রনজিত সরকার সেখানে উপস্থিত হন। তিনি কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান।
পুলিশ সুপারের দেওয়া তথ্য অনুযায়ী, শিক্ষা সফরের আড়ালে ওই আয়োজন করা হয়েছিল। তবে রনজিত সরকার কীভাবে দেশে প্রবেশ করেছেন এবং কর্মীসভায় অংশ নেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।
এমকে/বিএম২৪








