ফ্যাসিস্টদের অনুশোচনা নেই, ফের ক্ষমতায় ফেরার দিবাস্বপ্ন দেখছে: প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম
ফ্যাসিস্টদের অনুশোচনা নেই, ফের ক্ষমতায় ফেরার দিবাস্বপ্ন দেখছে: প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

সংগৃহীত

পঞ্চগড় প্রতিনিধি


পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, গণতান্ত্রিক বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। নতুন করে যেন কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।


শনিবার (৭ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে সরকারি অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। প্রায় ৪০ হাজার ছাত্র-জনতা ও শ্রমিককে পঙ্গু কিংবা অন্ধ করেছে। অথচ ন্যূনতম আত্মশুদ্ধি বা অনুশোচনা না করেই তারা আবার বাংলাদেশে ফিরে এসে রাজনীতি করার দিবাস্বপ্ন দেখছে।


উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, সরকার ইতোমধ্যে একনেক সভায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করেছে। পাশাপাশি তিস্তা ব্যারেজ নিয়েও পরিকল্পনা নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে।


তিনি আরও বলেন, ২০২৪ সালের চেতনাকে ধারণ করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তা-চেতনাকে সামনে রেখে আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেওয়া হবে।


জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সাইম, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল এবং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।


এমকে/বিএম২৪