ধ্বংসস্তূপে দাঁড়িয়ে টেস্টে প্রথম সেঞ্চুরি হৃদয়ের
সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে সতীর্থদের আসা-যাওয়ার মধ্যেও ব্যাট হাতে একাই লড়াই করে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন তাওহীদ হৃদয়। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের স্মরণীয় মাইলফলক স্পর্শ করেছেন এই ব্যাটার।
শনিবার (৭ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে ১৭১তম বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান হৃদয়। এরপর হেলমেট খুলে ব্যাটের হাতলে রেখে সেঞ্চুরি উদযাপন করেন তিনি।
মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২০৫ রান। তখনো ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চেয়ে ১৫১ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা। বিরতিতে যাওয়ার আগে হৃদয় ১৭১ বলে ১১টি চার ও একটি ছক্কায় ১০০ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন মুশফিকুর রহিম।
এর আগে তৃতীয় দিনের খেলা শুরু হয় ৩ উইকেটে ৮৮ রান নিয়ে। দিনের শুরুতে মুশফিকুর রহিম ও হৃদয়ের জুটি কিছুটা আশার সঞ্চার করলেও জোমেল ওয়ারিকানের বলে শর্ট কাভারে ক্যাচ দিয়ে ৩৪ রানে ফেরেন মুশফিক। এতে হৃদয়ের সঙ্গে তাঁর ৭৩ রানের জুটি ভেঙে যায়।
এরপর ক্রিজে এসে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন লিটন দাস। দুটি বাউন্ডারি হাঁকালেও ওয়ারিকানের বলে কাভারে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।
হৃদয়ের সঙ্গে মেহেদী হাসান মিরাজের জুটি থেকে আসে ৪১ রান। তবে রোস্টন চেজের বলে প্যাডেল শট খেলতে গিয়ে ক্যাচ তুলে ১৬ রানে ফেরেন মিরাজ। এরপর ওয়ারিকানের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ৬ রানের ব্যবধানে আউট হন হাসান মাহমুদ।
১৮৪ রানে সপ্তম উইকেট হারানোর পরও একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান হৃদয়। বিরতিতে তাঁর সঙ্গে ক্রিজে অপরাজিত ছিলেন তাইজুল ইসলাম।
এমকে/বিএম২৪









