জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ কর্মসূচি

সংগৃহীত

বাকৃবি প্রতিনিধি


ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ শামসুল হক হলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।


শনিবার (৭ নভেম্বর) শহীদ শামসুল হক হল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন হল কর্তৃপক্ষ।


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম। এছাড়া উপস্থিত ছিলেন শহীদ শামসুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান, হাউস টিউটর সহকারী অধ্যাপক শিহাব উদ্দিন এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান।


কর্মসূচিতে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।


বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরকে স্মরণ করে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।


শহীদ শামসুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান বলেন, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। ক্যাম্পাসের সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে।


ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, অক্সিজেন সরবরাহ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


এমকে/বিএম২৪