কুড়িগ্রামে মাদকসেবীর ছুরিকাঘাতে পৌর কর্মচারী নিহত, স্ত্রী আহত; গ্রেপ্তার ঘাতক
সংগৃহীত
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে পৌর টাউন হল মিলনায়তন চত্বরে ছুরিকাঘাতে মনসুর আলী নামে এক পৌর কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী মল্লিকা বেগম (৫৫) গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর শাহনেওয়াজ ওরফে সানি (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে পৌর টাউন হল মিলনায়তন চত্বরে এ ঘটনা ঘটে। নিহত মনসুর আলী কুড়িগ্রাম পৌর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন ছয় আনিপাড়ার বাসিন্দা।
গ্রেপ্তার সানি পৌর এলাকার সরদারপাড়ার বাসিন্দা জুলহাস আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর টাউন হল মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা চলছিল। এ সময় সানি মাদক সেবনের উদ্দেশ্যে টাউন হল চত্বরে গেলে তাঁকে বাধা দেন কেয়ারটেকার মনসুর আলী। পরে অনুষ্ঠান শেষ হলে অতিথি ও অন্যরা চলে যান। দুপুরের খাবার নিয়ে সেখানে যান মনসুর আলীর স্ত্রী মল্লিকা বেগম। এ সময় সানি তাঁদের ওপর ছুরি নিয়ে হামলা চালান।
তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় স্থানীয়রা সানিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূরে নেওয়াজ জানান, দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে তাঁদের মধ্যে একজন পথিমধ্যে মারা যান। অপরজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সানি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এমকে/বিএম২৪








